দীর্ঘ ১৭ মাস পর জাতীয় দলের আঙিনায় ফিরে এশিয়ান গেমসের প্রস্তুতি দলের ২৪ সদস্যের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। বয়সের অজুহাতে তৎকালীন অ্যাডহক কমিটির মাধ্যমে দল থেকে বাদ পড়ার পর নতুন করে সুযোগ পেলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
গত ৪ জুলাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৩২ জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প। পরবর্তীতে ৩০ জুলাই রাসেল মাহমুদ জিমিসহ আরও ছয়জনকে এই ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকেই চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায় ২৪ জনের তালিকায় স্থান পেয়েছেন ৩৯ বছর বয়সী জিমি।
ফেডারেশন সূত্রে জানা গেছে, এটি চূড়ান্ত দল নয়। আগামী ১০ আগস্ট সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে এবং ১২ আগস্ট জার্মানি যাবে দল। সেখানে কোচ পিটার গেরহার্ডের অধীনে প্রায় এক মাস প্রস্তুতি ক্যাম্প চলবে। এই সফরের অংশ হিসেবে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির দলের বিপক্ষে মোট ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
উল্লেখ্য, ১৭ মাস আগে ফিটনেস বা মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও বয়সের কারণ দেখিয়ে জিমিকে জাতীয় দল থেকে বাদ দিয়েছিল তৎকালীন অ্যাডহক কমিটি। এমনকি গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপের জন্য ২০ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে আয়োজিত কুপার টেস্টেও তাঁকে ডাকা হয়নি। তবে ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
১৮ জুলাই গঠিত হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে জায়গা পাওয়ার পর সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ক্যাম্পে ডাক পান জিমি। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই ফরোয়ার্ড এ পর্যন্ত ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।
২৪ সদস্যের তালিকায় রয়েছেন: "বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।"