দীর্ঘ প্রায় চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও নিজেকে প্রমাণের সুযোগ পেলেন সাব্বির রহমান। সরাসরি জাতীয় দলে ডাক না এলেও মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দলে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে লড়াই করার জন্য ১৫ সদস্যের এইচপি দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে সবচেয়ে আলোচিত নাম সাব্বির রহমান। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার তালিকায় রয়েছেন শামীম হোসেন ও আবু হায়দার রনি। আগামী ৮ থেকে ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলো খেলবে বাংলাদেশের এইচপি দল।
২০২২ সালের ৭ অক্টোবর ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের ম্যাচে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন সাব্বির। ওই ম্যাচে ওপেনার হিসেবে ১৮ বলে ১৪ রান করেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলের কোনো ফরম্যাটেই আর সুযোগ পাননি তিনি।
বাংলাদেশের হয়ে সাব্বির খেলেছেন ১১টি টেস্ট, ৬৬টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি। টেস্টে তার সংগ্রহ ৪৮১ রান, ওয়ানডেতে ১ হাজার ৩৩৩ এবং টি-টোয়েন্টিতে ৯৭৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ওয়ানডে ছিল ২০১৯ সালে এবং শেষ টেস্ট ২০১৮ সালে।
এক সময় সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের নিয়মিত সদস্য ছিলেন সাব্বির। তার আক্রমণাত্মক ব্যাটিং এবং দুর্দান্ত ফিল্ডিং তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল। তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব এবং মাঠের বাইরের নানা বিতর্কের কারণে ধীরে ধীরে জাতীয় দল থেকে দূরে সরে যান তিনি।
এইচপি দলে সাব্বিরের পাশাপাশি রয়েছেন জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরব হাসান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ আব্দুল গাফফার, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।
বাংলাদেশ এইচপি টি-টোয়েন্টি দল: জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহরব হাসান, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ আব্দুল গাফফার, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।