বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রাম থেকে মা, ছেলে ও নানিসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি প্রকাশ্যে আসে।

নিহতরা হলেন— মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম (৬০) এবং নানি রাশিদা বেগম (৯৩)। পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং পচন ধরেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর আরও দুটি মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান স্থানীয়দের বরাতে জানান, বাড়িটি মূল রাস্তা থেকে কিছুটা ভেতরে হওয়ায় এবং লোকজনের আনাগোনা কম থাকায় বিষয়টি দেরিতে নজরে এসেছে।

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, "ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে।"

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।