চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে এই পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে শিক্ষা বোর্ড।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত সংশোধিত রুটিন অনুযায়ী, স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো ২০ আগস্ট শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে জানানো হয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে তাদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে ওই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে।