আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য নাশকতা, উগ্রবাদী তৎপরতা, নিষিদ্ধ সংগঠনের অপচেষ্টা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে সংস্থাটি।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে পরিকল্পনা গ্রহণ করেছে।"
নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এই লক্ষ্যে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটে সাদা পোশাকে নজরদারি, প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ ও অনুষ্ঠানস্থলে নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।
র্যাব ফোর্সেস জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।