নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৪ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন। ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

এদিকে মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জকসু প্রতিনিধিদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক এই সংঘাতগুলোর প্রেক্ষিতেই এনসিপি নেতা সারজিস আলম এমন হুঁশিয়ারি দিয়েছেন।