ফরিদপুরে মাদক মামলার শুনানিতে আদালতে হাজিরা দিতে এসে গাঁজাসহ ধরা পড়েছেন এক আসামি। এই ঘটনায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে। ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. নাজমুল কবীর আসামির এই দণ্ড ঘোষণা করেন। ধৃত আসামির নাম কাশেদ মোল্লা (৭১), তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার মৃত মতি মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মধুখালী থানার একটি মাদক মামলায় নিয়মিত হাজিরা দিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার আদালতে প্রবেশ করেন কাশেদ মোল্লা। এসময় তার হাতে থাকা একটি ব্যাগ দেখে নিরাপত্তাজনিত কারণে আদালতের স্টাফ মেহেদী ও মুরাদ ব্যাগের ভেতর কী আছে তা জানতে চাইলে তিনি গড়িমসি করতে থাকেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি নিজেই মাদকের কথা স্বীকার করেন।

বিষয়টি জানতে পেরে দ্রুত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খবর দেওয়া হয়। পরবর্তীতে অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কাশেদ মোল্লার ব্যাগ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাসেল কবির ও আদালতের পেশকার জিয়ারত মিয়া মুক্তকণ্ঠকে জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ এনে আদালতে সংক্ষিপ্ত বিচারের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।