বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের জমি ও গোচারণভূমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়ার চরের নান্টুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২) পাকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে স্থানীয়দের সঙ্গে মোখলেছুর রহমানের দীর্ঘদিনের বিরোধ ছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নান্টুর মোড় এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে হামলা চালায়। এসময় পিটুনিতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনা প্রসঙ্গে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, "চরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মোখলেছুর রহমানের ওপর গতকাল রাতে হামলা করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হামলায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।"