জুলাই আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে যেকোনো ধরনের দমন-পীড়ন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তাদের ওপর নির্যাতন চালানো হলে তা হবে চরম নিমকহারামি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, "জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলো কেড়ে নেবেন না, হাত-পা ভাঙবেন না, এক ফোঁটা রক্তও ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমকহারামি।"

আহতদের করুণ অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, অনেক আন্দোলনকারী এখনো বিদেশে চিকিৎসাধীন। সম্প্রতি ব্যাংককের একটি হাসপাতালে এমন কিছু রোগীকে দেখেছেন তিনি, যাদের সম্পর্কে চিকিৎসকেরা জানিয়েছেন যে তারা আর কোনোদিন স্বাভাবিকভাবে বসতে বা চলাফেরা করতে পারবেন না।

জুলাই আন্দোলনে প্রত্যেকের অবদান যেন যথাযথভাবে স্বীকৃত হয়, সেই দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, "আপনার-আমার পছন্দ হোক বা না হোক, যার যে অবদান, তা ইতিহাসের পাতায় উঠে আসা উচিত।"

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো সঠিক তালিকা নেই। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪ সালের ঘটনাপ্রবাহও যথাযথভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধ করা উচিত বলে তিনি মনে করেন।

জাতীয় ঐক্যের প্রশ্নে দল প্রস্তুত বলে জানান ডা. শফিকুর রহমান। তবে তিনি স্পষ্ট করেন, "দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যে জামায়াতে ইসলামী প্রস্তুত। তবে জনগণের অধিকার বিসর্জন দিয়ে কোনো সমঝোতা করা হবে না এবং কোনো আধিপত্যবাদের কাছে দল মাথা নত করবে না।"