ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি যুবক।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতের মহেন্দ্র ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনায় শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে রুবেল আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত রুবেলকে তার সঙ্গীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে গোপনে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে ওই রাতেই তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে তার মা ও স্ত্রী রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, "মহেশপুরের শ্যামকুড় সীমান্ত এলাকায় বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হওয়ার তথ্য পেয়েছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।"