কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (তাকমিল) ২০২৬ সালের নিবন্ধন কার্যক্রম আজ মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবারের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে সম্পন্ন হবে। এর পাশাপাশি পুরাতন নেগরান ও মুমতাহিনদের (পরীক্ষকদের) তথ্য হালনাগাদ এবং নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু করা হবে। সংশ্লিষ্ট মাদ্রাসার প্রশাসকরা নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করবেন এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিবন্ধনের পূর্বে পরীক্ষার্থীদের নির্ধারিত ব্যক্তিগত ফরম পূরণ করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। মুহতামিম বা নাজিমে তা’লীমাতের অনুমোদনের পর সেই তথ্য অনলাইনে আপলোড করা হবে।

আর্থিক ফি-র বিষয়ে জানানো হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৭০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে ১ শতাংশ অনলাইন চার্জ যুক্ত হবে। তবে নির্ধারিত সময়ের পর বিলম্বে নিবন্ধনের ক্ষেত্রে নিয়মিতদের ফি হবে ৮০০ টাকা এবং অনিয়মিতদের জন্য ৯০০ টাকা।

নিবন্ধন কার্যক্রম আজ ৪ আগস্ট থেকে শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পর্যন্ত চলবে। এর মধ্যে ৪ আগস্ট থেকে ১৯ রবিউল আউয়াল পর্যন্ত নিয়মিত সময় এবং ২০ থেকে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত বর্ধিত সময় হিসেবে গণ্য হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।