জাতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই বছরের চুক্তিতে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি।
৪৬ বছর বয়সী মাইকেল স্মিথ পাকিস্তানের লাল ও সাদা বলের উভয় সংস্করণের দলের সঙ্গে কাজ করবেন। বেশ কয়েক মাস ধরে এই বিশেষায়িত পদের জায়গাটি শূন্য ছিল। তবে গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে পাকিস্তানের হারের পর একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি জোরালো হয়। আগামী ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই পাকিস্তান স্কোয়াডে যোগ দেবেন স্মিথ।
উল্লেখ্য, পাকিস্তান টেস্ট দলে উমর গুল দীর্ঘ সময় বোলিং কোচের দায়িত্ব পালন করলেও কোনো ফরম্যাটেই পূর্ণকালীন ব্যাটিং কোচ ছিল না। মাঝেমধ্যে জাতীয় নির্বাচক আসাদ শফিক এই দায়িত্ব সামলালেও এবার স্থায়ীভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ না মিললেও কোচ হিসেবে স্মিথের অভিজ্ঞতা সমৃদ্ধ। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী এই কোচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সুনাম অর্জন করেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে কাজ করায় পাকিস্তান ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জানাশোনা রয়েছে।
এছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া দল হোবার্ট হারিকেনস ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন প্রভিন্স ও কেজেডএন ইনল্যান্ডের কনসালট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টুয়েন্টি খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান স্মিথ। সব সংস্করণ মিলিয়ে তিনি ৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটিসহ মোট ৭০২৯ রান সংগ্রহ করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা পাকিস্তান ব্যাটিং লাইনআপকে চেনা ছন্দে ফিরিয়ে আনাই হবে স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরসহ দেশের বাইরে টানা ৮টি টেস্টে হেরেছে পাকিস্তান। তাই আগামী ইংল্যান্ড সফর টেস্ট ক্রিকেটে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে দলটি।