জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে তার মায়ের করা অভিযোগের ভিত্তিতে এবং অপরজনকে মায়ের দেওয়া তথ্যের সহায়তায় আটক করে পুলিশ।

সোমবার (৩ আগষ্ট) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে নাজমুল হাসান এবং বেলতলী এলাকার শাহজাহান আলীর ছেলে নাজমুল হাসান আপন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলতলী এলাকায় নিজ বাড়িতে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন নাজমুল হাসান আপন। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে তার মা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে। অন্যদিকে, নাজমুল হাসানকেও তার মায়ের অভিযোগের ভিত্তিতে পৌর শহরের চুনিয়াপাড়া এলাকা থেকে মাদক সেবনের সময় আটক করা হয়।

আটক দুই যুবককে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এই বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, "মাদক সেবন ও পারিবারিক অশান্তির ঘটনায় দুই যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, "মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা ওই দুই যুবক স্বীকার করেছেন। পরে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।"