হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি কাভার্ডভ্যানের মাধ্যমে অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে সুরমা চা বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহাসড়কের পাশে কাভার্ডভ্যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি তল্লাশি করে কার্টনের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটকাট চকলেট ও বিস্কুট উদ্ধার করেন। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, "সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।"