দেশের বর্তমান গ্যাস সংকট এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই সংকট নিরসনের দাবিতে আগামী ৫ ও ৬ আগস্ট দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ওই জোট।

সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়ে জোটের শীর্ষ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। এই পরিস্থিতি মোকাবিলায় তারা দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

পরদিন ৬ আগস্ট দেশের সব মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া ওইদিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী এবং লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।