শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিতে কর্মরত শ্রমিকদের জন্য নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল প্রদানের লক্ষ্যে বিধিমালা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আট বছর আগে দায়ের করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানির পর এই রায় প্রদান করেন। আদালত সংশ্লিষ্ট রুলটি অ্যাবসলিউট বা যথাযথ ঘোষণা করে এই আদেশ দেন।

রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ জানান, শ্রম আইনের বিধান অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে শ্রমিকদের অংশগ্রহণ ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করতে শ্রম সচিবসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "রায়ে শ্রম আইনের ২৩৪ (২) ধারার আলোকে এবং অধ্যায় ১৫ প্রয়োগ করে ওই বিধিমালা প্রণয়ন করতে বলা হয়েছে। শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিতে চাকরি করা সব শ্রমিকেরা যাতে তাঁদের অধিকার অনুসারে অংশগ্রহণ তহবিলের ৫ শতাংশ অর্থ ও কল্যাণ তহবিলের সুবিধা পান তা নিশ্চিত করতে সরকারকে বলা হয়েছে।"

মামলার নথিপত্র অনুযায়ী, অনমোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে চাকরি ছাড়ার পর ২০১৮ সালে রোকসানা আহমেদ নামের এক কর্মকর্তা হাইকোর্টে রিট আবেদন করেন। শ্রম আইনের ২৩২ (৩) ধারা উল্লেখ করে তিনি শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর জন্য বিধিমালা প্রণয়নের দাবি জানান, যাতে কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অর্থ থেকে তার প্রাপ্য অংশ আদায় নিশ্চিত হয়। ২০১৮ সালের ৯ ডিসেম্বর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট এই বিষয়ে রুল জারি করেছিলেন, যার চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এবং তাঁকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। শ্রম মন্ত্রণালয়ের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী খালেদ হামিদ চৌধুরী এবং অনমোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ফারাবি সালাউদ্দিন তুশিব।