ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচার আদালতে গত জুলাই মাসে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা এবং ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়।

আজ সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, জুলাই মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় এই ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তি করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার ৪৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলাগুলো থেকে অর্থদণ্ড বাবদ ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা আদায় করা হয়েছে। এছাড়া নিলাম ও বাজেয়াপ্ত সম্পদ থেকে আরও ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা আদায় হয়েছে।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জুলাই মাসে নতুন ১ হাজার ৩৪০টি মামলা করা হয়। পূর্ববর্তী বিচারাধীন মামলাসহ ওই মাসে মোট ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে, যেখান থেকে জরিমানা বাবদ ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।

ডিএমপির দাবি, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অপরাধের তাৎক্ষণিক বিচার সম্পন্ন হওয়ায় বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নগরবাসীর আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মনে ভীতি তৈরি হওয়ায় মহানগরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখছে।