যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব আর্থিক সামর্থ্য নিশ্চিত করার বিষয়ে বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। সোমবার (৩ আগস্ট) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়।

দূতাবাস থেকে জানানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সেখানে অবস্থানকালীন নিজস্ব খরচ এবং বিশেষ করে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির ব্যয় বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য তাদের রয়েছে।

বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, "যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন–ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।"

পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সুবিধার অপব্যবহার করা হলে তার স্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।"