পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে পাঁচ বছরের এক শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার (৩ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় শিলপাটা ধারক আব্দুস সাত্তার সোমবার সকাল ৮টার দিকে বাড়ির সামনে খেলতে থাকা ওই শিশুটিকে একা পেয়ে বিস্কুটের প্রলোভন দেখান। এরপর তাকে পাশের একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর সোমবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুস সাত্তার বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরা তার বক্তব্য জানতে বাড়িতে গেলেও সেখানে তালা ঝুলতে দেখা যায়, ফলে তার পরিবারের কারো কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, "শিশুটির বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"