বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে অনুশীলনের প্রথম দিনেই অস্বস্তিতে পড়ল স্বাগতিক দল। পিঠে টান লাগার কারণে প্রস্তুতি ম্যাচের ব্যাটিং অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয়েছে জশ ইংলিসকে।

সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অস্ট্রেলিয়া দলের নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে এই ঘটনা ঘটে। ব্যাটিং করতে নেমে ৮ রান করার পর পিঠে অস্বস্তি অনুভব করেন ইংলিস। এরপর খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই উইকেটকিপার ব্যাটার। তাকে ধীরে ধীরে ন্যাশনাল ক্রিকেট সেন্টারের চিকিৎসাকক্ষের দিকে যেতে দেখা যায়।

দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিসের সমস্যা গুরুতর নয়। কয়েক দিনের মধ্যেই তার পুরোপুরি সেরে ওঠার আশা করছে অস্ট্রেলিয়া দল। তবে আগে থেকেই পিঠের সমস্যায় ভোগার ইতিহাস থাকায় বিষয়টি হালকাভাবে নেওয়া হচ্ছে না।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পিঠের টানের কারণে বেশ কিছু সময় মাঠের বাইরে ছিলেন ইংলিস। সমস্যাটি কয়েক বছর ধরে তাকে ভোগাচ্ছে। বিশেষ করে ব্যাটিংয়ের সময় পিঠে চাপ পড়ে বলে আগে জানিয়েছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে এমনিতেই ইংলিসের থাকার সম্ভাবনা কম। মূল উইকেটকিপার হিসেবে অ্যালেক্স ক্যারিই এগিয়ে আছেন। তবে প্রয়োজনে মিডল অর্ডার ব্যাটার হিসেবেও ইংলিসকে বিবেচনা করে অস্ট্রেলিয়া। তাই তার পুরোনো সমস্যা ফিরে আসা দলটির জন্য কিছুটা উদ্বেগের।

প্রস্তুতি ম্যাচে তবে স্বস্তির খবরও পেয়েছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরে তিন উইকেট নিয়েছেন নাথান লায়ন। এছাড়া প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড প্রত্যেকে ১০ ওভার করে বোলিং করেছেন। মার্নাস লাবুশেন ৬২ রান করে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়েছেন।

আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।