দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৮৪ জনে পৌঁছেছে। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৩৪৪ জন।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগে ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যাদের মধ্যে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।