পাবনার বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে নবম শ্রেণির দুই স্কুলছাত্র। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
নিখোঁজ কিশোরদের পরিচয় পাওয়া গেছে। তারা হলো— টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় তাদের আত্মীয় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে তারা দুজনই তলিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে তাদের খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানা গেছে।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।"