বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, রাইলে পামারট্রি (Riley Palmertree)-র নেতৃত্বে এই প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকে মূলত বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম দমন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় আইজিপি বলেন, "এফবিআইয়ের সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।"
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, প্রতারণা ও সাইবার অপরাধ মোকাবিলায় এফবিআই-এর কারিগরি ও পেশাগত সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।