২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনাল নিয়ে ষড়যন্ত্রতত্ত্বের সঙ্গে নিজে কিছুটা বিশ্বাস তৈরি হওয়ায় মায়ের সঙ্গে রাগারাগিও হয়েছিল তাঁর।
আর্জেন্টাইন ‘ইনফ্লুয়েন্সার’ গ্রেগো রোসেলোর সঙ্গে এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, তাঁর মা তাঁকে বলেছেন—স্পেনের পক্ষে বিশ্বকাপ ফাইনাল সাজানোর গুজব তিনিও কিছুটা বিশ্বাস করেন। মেদিনার ভাষায়, ‘মা আমাকে বলেছিল, “আমিও বিষয়টা একটু বিশ্বাস করি।” আমি তখন বলেছিলাম, “আরে, তুমিও কি এসব বিশ্বাস করবে? এসব বাদ দাও, আমাকে আর বিরক্ত কোরো না।”’
এরপর মেদিনা নিজের দিক থেকে প্রশ্ন তুলে বলেন, ‘তোমার কী মনে হয়, আমরা সেখানে কেন গিয়েছিলাম? মাঠে আমরা অন্য সব দলের মতোই জিততে চেয়েছি। জিতলে আমরাও খুশি হতাম। কিন্তু আমরা হেরেছি, আর সেটি মেনে নিতেই হবে।’
বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আর্জেন্টাইন সমর্থক দাবি করেন, ট্রফি নাকি আগে থেকেই স্পেনের জন্য ‘নির্ধারিত’ ছিল। কেউ কেউ আবার বলেন, আর্জেন্টিনার ফুটবলাররা নাকি মাঠে নেমেই জানতেন যে তাঁরা জিততে পারবেন না। তবে শুরু থেকেই এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে নাকচ করে আসছেন মেদিনা।
বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশে ফিরে নিজের বাসার বারান্দা থেকে প্রতিবেশীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যেও তিনি এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। ওই সময় মেদিনা বলেন, ‘এসব আজেবাজে কথা বিশ্বাস করবেন না। ছবি আর ভিডিওতেই দেখেছেন, আমাদের দলে সব সময় দারুণ ঐক্য ছিল। এসব গুজব বিশ্বাস করবেন না। হারার কষ্ট আমরাও পেয়েছি। আমরা ভীষণ দুঃখ পেয়েছি! তবে জানি, এটা পৃথিবীর শেষ নয়। কারণ, এটা শুধু একটি ফুটবল ম্যাচ। জীবনে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে।’
মেদিনার পাশাপাশি আর্জেন্টিনা দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এবং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেসও ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো থেকে বিরত থাকতে আহ্বান জানান। সেই সঙ্গে, ষড়যন্ত্রতত্ত্ব যাঁরা ছড়িয়েছেন, তাঁদেরও সমালোচনা করেন তাঁরা।