দেশের অন্যতম প্রধান ধান-চালের মোকাম নওগাঁয় চালের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মিল পর্যায়ে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁ সদর উপজেলার সাহাপুর ও হাঁপানিয়া এলাকার বিভিন্ন অটো রাইসমিল ও গুদামে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ এবং কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন দুটি রাইসমিলে অবৈধভাবে বিপুল পরিমাণ আতপ চাল মজুত থাকার বিষয়টি সামনে আসে। এছাড়া বাজারজাতকরণের জন্য প্রস্তুত করা চালের বস্তায় উৎপাদন ও মজুতের তারিখ উল্লেখ না করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা অনুযায়ী, প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে সরবরাহ ও বিক্রি না করার অপরাধে 'বেলকোন কোম্পানি'কে ২০ হাজার টাকা এবং 'টিকে এগ্রো'কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ বলেন, "চালের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ মজুতকৃত চাল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে মিলমালিকদের কঠোর নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়েছে।"