ঝালকাঠির নলছিটিতে দায়িত্ব পালনে অবহেলা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের এক কানুনগোকে অন্য জেলায় বদলি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) এই সিদ্ধান্তের কথা জানা যায়।

শোকজ দেওয়া দুই কর্মকর্তা হলেন দপদপিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আব্দুল মালেক এবং কুলকাঠি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন। এছাড়া নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. রফিকুল ইসলামকে বরগুনার তালতলী উপজেলায় বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক তদন্তে দায়িত্ব পালনে অনিয়ম ও অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই চিঠিতে শোকজ পাওয়া দুই কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নলছিটির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজভী আহমেদ সবুজ বলেন, "সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের লিখিত জবাব চাওয়া হয়েছে। জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"