ম্যাচ পাতানোর চেষ্টা, অন্যকে প্ররোচিত করা এবং তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর তিনটি অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বুদুগুম অখিলেশ রেড্ডি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই শাস্তির কথা নিশ্চিত করেছে।
আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে সংস্থাটির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। অভিযোগগুলো মূলত ২০২৫ সালের আবুধাবি টি-টেন প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট।
ট্রাইব্যুনালের রায়ে প্রথম অভিযোগে উল্লেখ করা হয়েছে, রেড্ডি ওই প্রতিযোগিতার ম্যাচের ফল, গতিপ্রকৃতি, পরিচালনা কিংবা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত বা পাতানোর চেষ্টা করেছিলেন। এ ধরনের কর্মকাণ্ডে তিনি কোনো চুক্তি বা সমঝোতার অংশ ছিলেন বলেও জানানো হয়েছে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, তিনি অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ পাতানোর কাজে প্ররোচিত, উৎসাহিত অথবা সহায়তা করার চেষ্টা করেছিলেন। আর তৃতীয় অভিযোগে তদন্তে বাধা দেওয়ার কথা বলা হয়েছে; তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত এমন তথ্য ও বার্তা নিজের মুঠোফোন থেকে মুছে ফেলেছিলেন রেড্ডি।
এর আগে ২০২৫ সালের ২১ নভেম্বর তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ফলে আট বছরের এই চূড়ান্ত নিষেধাজ্ঞা ওই দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।
উল্লেখ্য, আবুধাবি টি-টেনের দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার দায়িত্ব এমিরেটস ক্রিকেট বোর্ড আইসিসিকে প্রদান করেছিল। তবে সাক্ষী এবং সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের পরিচয় গোপন রাখতে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ের কিছু অংশ প্রকাশ করেনি আইসিসি।