ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে গলফে শিরোপা জয়ের পর তিনি প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে যে বক্তব্য দেন, তাতে স্পষ্টই রসিকতার আভাসও ছিল। ট্রাম্প বলেন, ‘এটার নাম ট্যালেন্ট। আমার আছে, ওদের নেই!’
রোববার নিউ জার্সির বেডমিনস্টারে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সিনিয়র ও সুপার সিনিয়র—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার দাবি করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি ভিডিওতে তিনি জানান, পারের চেয়ে ২ শট কম খেলে ৭০ স্কোর করে জিতেছেন।
সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ৭০ স্কোর করে জিতেছি। সবচেয়ে বড় কথা, অন্যদের মতো অনুশীলনের জন্য আমার খুব একটা সময় থাকে না। কারণ, আমাকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে মন দিতে হয়। এটার নাম ট্যালেন্ট। আমার আছে, ওদের নেই!’
ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে দুটি অনুশীলনী সুইং করেন ট্রাম্প। এরপর বলটি গ্রিনে গিয়ে তৃতীয় বাউন্সেই থেমে যায়। পরে আরেকটি ভিডিওতে তাঁকে ট্রফি গ্রহণ করতে এবং অভিবাদন নিতে দেখা যায়। আয়োজকদের দাবি, এটি ছিল ট্রাম্পের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।
বেডমিনস্টারের এই প্রতিযোগিতায় সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সীরা সিনিয়র বিভাগে এবং ৬৫ বছরের বেশি বয়সীরা সুপার সিনিয়র বিভাগে খেলেন। ৮০ বছর বয়সী ট্রাম্প ২০২৩ সালেও দুটি বিভাগেই জিতেছিলেন। গত বছরও তিনি সিনিয়র বিভাগের শিরোপা জিতেছিলেন।
গলফে সাফল্যের পাশাপাশি ট্রাম্পের নামের সঙ্গে বিতর্কও জড়িয়েছে। গত কয়েক বছরে একাধিকবার তাঁর বিরুদ্ধে খেলায় অসাধু সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ক্রীড়া লেখক রিক রাইলি এ নিয়ে ‘কমান্ডার ইন চিট’ নামে একটি বইও লিখেছেন। অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনও অতীতে ট্রাম্পের বিরুদ্ধে গলফে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। তবে ট্রাম্প সব সময়ই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।