নারায়ণগঞ্জের ডিক্রিরচর ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে রমজান আলী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তা উদ্ধার করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।

নিহত রমজান আলী নারায়ণগঞ্জের মধ্য নরসিংপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকালে প্রতিবেশী ফাহিম নামে এক কিশোরের সঙ্গে ফুটবল খেলতে বাড়ি থেকে বের হয় রমজান। খেলা শেষে তারা বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ফাহিমসহ বাকিরা বাড়ি ফিরে গেলেও রমজান আর ফিরে আসেনি।

ছেলে নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং এলাকায় মাইকিং করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার দুপুরে ডিক্রিরচর ঘাট এলাকায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা সেখানে ছুটে যান। রমজানের বাবা শহিদুল ইসলাম মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।

মৃতের বাবা বলেন, "রোববার সকালে ফাহিমের সঙ্গে ফুটবল খেলতে বের হয়েছিল আমার ছেলে। পরে তারা নদীতে গোসল করতে যায়। ফাহিমসহ অন্যরা বাড়ি ফিরে এলেও রমজান আর ফেরেনি। গতকাল থেকে অনেক খোঁজাখুঁজি করেছি, মাইকিংও করেছি। আজ দুপুরে খবর পেয়ে এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।"

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি নদীতে হওয়ায় এ বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

নৌ পুলিশের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, "উদ্ধার হওয়া মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাত বা সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই তরুণ গতকাল গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল।"

তিনি আরও জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছেন। তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।