ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় একটি রঙের কারখানার আড়ালে দীর্ঘ ১০ বছর ধরে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। এই অভিযানে ১৯ হাজার ইয়াবা, বিপুল পরিমাণ কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি ইয়াবা তৈরির মূল কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি মদিনানগর এলাকার মদিনা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান এসব তথ্য জানান।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত নাসির (২৮) ‘নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামক একটি রঙের কারখানার আড়ালে গত ১০ বছর ধরে গোপনে ইয়াবা প্রস্তুত করে আসছিল। এখান থেকে তৈরি ইয়াবা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো।

এর আগে রোববার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে ফয়সাল ইসলাম মিঠু নামের এক ইয়াবা কারবারিকে ১১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মদিনা কমপ্লেক্সের দ্বিতীয়তলায় অভিযান চালিয়ে র‍্যাব ১৯ হাজার ইয়াবা, রাসায়নিক উপাদান, ট্যাবলেট তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করে এবং নাসিরকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির নিজেকে দক্ষ কেমিস্ট দাবি করে রাসায়নিকের সংমিশ্রণে ইয়াবা বানানোর কথা স্বীকার করেছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় র‍্যাব-১০ আরেকটি ইয়াবা কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১ হাজার ৯৬৮ বড়ি ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এক সপ্তাহের ব্যবধানে কেরানীগঞ্জে দুটি ইয়াবা কারখানার সন্ধান পাওয়ায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।