সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে বেনজীরের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, ইউএইর একটি আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ নির্দিষ্ট কিছু শর্তে জামিন প্রদান করেছেন। এই বিষয়টি অবগত হওয়ার পরপরই সেখানে নিয়োজিত ল' ফার্মকে জামিন বাতিলের আবেদন এবং আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "এ বিষয়ে ইউএইতে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা হয়েছে। আদালত কী কী শর্তে জামিন দিয়েছেন, তা জানতে সার্টিফায়েড কপি সংগ্রহের অনুরোধ করা হয়েছে। বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক—দুই ধরনের উদ্যোগই চলমান রয়েছে। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে, এটা আমাদের সন্দেহ।"
অন্যদিকে, সাম্প্রতিক রথযাত্রার সময় মেট্রোরেল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও নাশকতার কিছু চেষ্টা চালানো হয়েছে। মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরবর্তীতে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া গেলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করে।
তিনি বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনো পক্ষ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে বর্তমানে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষায়িত টিম সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।"
৫ আগস্টের কর্মসূচি এবং আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত ও ‘মাফিয়া শক্তি’ হিসেবে পরিচিত দলটির বর্তমানে বড় ধরনের কর্মসূচি পালনের সক্ষমতা নেই। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব ধরনের উগ্রবাদী তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।