দুই বছর পর ভারতে প্রথমবারের মতো কোনো প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপনডেন্টস ক্লাবের একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিব আল হাসানসহ বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই আয়োজন চলবে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা। এছাড়া ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত রূপরেখা নিয়ে আলোচনা করতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই হতে যাচ্ছে তাঁর সবচেয়ে বড় প্রকাশ্য গণমাধ্যম উপস্থিতি।

আমন্ত্রণপত্রে সাকিবের পাশাপাশি শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আরও কয়েকজনের নাম রয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের।

সাকিব আল হাসান ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে একই বছরের আগস্টে সংসদ বিলুপ্ত হলে তাঁর সদস্যপদ শেষ হয়।

আমন্ত্রণপত্রে সাকিবের নাম থাকলেও তিনি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে আলাদা কোনো তথ্য প্রদান করেনি ইন্ডিয়া টুডে। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে সাকিব শ্রীলঙ্কায় অবস্থান করছেন।