ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন জাবি আলোনসো। তবে সেই প্রত্যাশিত গন্তব্য লিভারপুল নয়—স্টামফোর্ড ব্রিজে নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। চেলসির প্রধান কোচ হিসেবে গত মৌসুমে রিয়ালের অধ্যায় কাটিয়ে আসা আলোনসো এখন চেলসির সামনে নতুন লক্ষ্য স্থির করেছেন।

আলোনসোর রিয়াল অধ্যায় প্রত্যাশামতো এগোয়নি। সাত মাসের কিছু বেশি সময় দায়িত্বে থাকার পরই তাঁকে বিদায় নিতে হয়। তবু এই ব্যর্থতাকে তিনি এখন বোঝা হিসেবে দেখতে চান না। বরং ক্যারিয়ারের একটি ‘ক্ষত’ হিসেবে উল্লেখ করে বলছেন, সেটি এখন সেরে গেছে।

অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক্‌–মৌসুম সফরের শুরুতে সাংবাদিকদের আলোনসো বলেন, ‘ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু সেটি সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছিলাম, তেমনি এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।’

খেলোয়াড়ি জীবনে লিভারপুলে পাঁচ বছর কাটিয়ে পরে রিয়াল মাদ্রিদ হয়ে বায়ার্নে খেলেছেন ২০১৭ পর্যন্ত। এরপর জার্মানিতে কোচিং শুরু করেন জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের দায়িত্ব নিয়ে বুন্দেসলিগার ক্লাবটিকে ইতিহাসের প্রথম লিগ জেতান তিনি। সেই ধারাবাহিকতার পর বিপুল প্রত্যাশা নিয়ে গত মৌসুমে রিয়ালের দায়িত্ব নেন।

তবে বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর জানুয়ারিতেই তাঁকে বার্নাব্যু ছাড়তে হয়। দায়িত্বে থাকার সময় ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছিল বলে গুঞ্জন ছড়িয়েছিল।

সেই সময়কে এখন আত্মবিশ্লেষণের অংশ হিসেবে দেখছেন ৪৪ বছর বয়সী আলোনসো। ‘পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও দেখি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।’

রিয়ালের সময় তাঁকে অভিজ্ঞতার পথ তৈরি করেছে বলেও জানান আলোনসো। তিনি বলেন, ‘অনেক অভিজ্ঞতা হয়েছে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, খেলার ধরন, খেলোয়াড়দের পরিচালনা-কিছু কাজ করেছে, কিছু করেনি। সব মিলিয়ে এটি নানা অভিজ্ঞতার মিশ্রণ।’

এবার চেলসিতে শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। গত মৌসুমে তিন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করে লন্ডনের ক্লাবটি। ফলে এবারের মৌসুমে ইউরোপের কোনো প্রতিযোগিতায় নেই চেলসি। তা সত্ত্বেও দলটির সম্ভাবনা নিয়ে আশাবাদী আলোনসো। চেলসির দায়িত্ব নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা মাথা এবং মনের—দুই জায়গা থেকেই এসেছে। আমি মনে করেছি, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, আমার জন্যও। এটি ভালো একটি সুযোগ।’

২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে চেলসি। তার আগে প্রাক্‌-মৌসুমের অংশ হিসেবে আরও চারটি ম্যাচ খেলবে আলোনসোর দল। ৫ আগস্ট হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে, ৮ আগস্ট ইন্দোনেশিয়ায় এসি মিলানের বিপক্ষে, ৯ আগস্ট মালয়েশিয়ায় জোহর দারুল তাজিমের বিপক্ষে এবং ১৫ আগস্ট ফুলহামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে চেলসি।