বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক চমকপ্রদ পরিকল্পনার কথা সামনে এসেছে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনতে চায় সরকার।
সোমবার সচিবালয়ে প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই পরিকল্পনার কথা জানান। তবে এমবাপ্পের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না বা তার সম্মতি পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের আন্তর্জাতিক তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও জাতীয় পর্যায় পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। একটি নির্দিষ্ট মাঠে সব ম্যাচ না খেলে প্রতিটি উপজেলায় চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। মীর শাহে আলমের মতে, এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিতে পারবে এবং উপজেলা পর্যায়েই ফুটবল উৎসবের আবহ তৈরি হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠান দল গঠনে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, "কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ১১ থেকে ১৫ জন শিক্ষার্থী নিয়ে একটি দলও গঠন করতে না পারলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।"
ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করার কথা বলেছেন তিনি। প্রতিযোগিতার ব্যয় নির্বাহে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা যাবে। এছাড়া জেলা পর্যায়ের খেলার জন্য জেলা পরিষদ ও পৌরসভাগুলোর কাছে আর্থিক সহায়তা চাওয়া হবে।
সভায় শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব তহবিল থেকে মাঠপর্যায়ের আয়োজনের জন্য অর্থ দেওয়ার প্রস্তাব আসে। প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ চেয়েছেন মীর শাহে আলম।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে পরিচালনা কমিটি গঠন করা হবে। উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াতসহ অন্যান্য ব্যয়ে স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থাও করা হবে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এমবাপ্পে। ২০২২ সালের পর টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়েছেন তিনি। এমবাপ্পেকে সত্যিই ঢাকায় আনা সম্ভব হলে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান দেশের ফুটবলে স্মরণীয় হয়ে থাকবে। তবে বর্তমানে বিষয়টি কেবল পরিকল্পনা পর্যায়েই রয়েছে।