বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের নতুন অনুদান ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। এই সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অস্ট্রেলিয়া সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউএনএইচসিআরের এক যৌথ বিজ্ঞপ্তিতে এই চুক্তির কথা জানানো হয়।

চুক্তিটিতে স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকিইসোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও বহুসাংস্কৃতিক বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।

নতুন এই অর্থায়নের আওতায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়, সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এছাড়া নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া সরকার তিন বছর মেয়াদে মোট ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের একটি মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার অংশ হিসেবে এই নতুন অর্থায়ন প্রদান করা হলো।