কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় একটি পরিত্যক্ত স্থান থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশ আসার আগেই মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। উদ্ধার করা ১৭টি বস্তায় মোট কত বোতল ফেনসিডিল রয়েছে, তা গণনার কাজ চলছে।

এ বিষয়ে বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতল গণনার কাজ শেষ হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও জানান, "এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"