নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে পুলিশের একটি শটগান উঠে এসেছে। উদ্ধার করা অস্ত্রটি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত করেছে যে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে এটি লুট হয়েছিল।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জেলেরা ওই পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। জাল টেনে তোলার সময় ভারী কিছু অনুভব করায় তারা সেটি উপরে তোলেন এবং একটি শটগান দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে নম্বর মিলিয়ে নিশ্চিত করেন যে, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, "উদ্ধার হওয়া শর্টগানটি থানার অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে যে এটি গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া তালিকাভুক্ত অস্ত্র। কীভাবে এটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রটি বর্তমানে মালখানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে জানান, "২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। কীভাবে শর্টগানটি পুকুরে পৌঁছাল তা নিয়ে তদন্ত চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি লুট হওয়া অন্যান্য অস্ত্র উদ্ধারেও অভিযান ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।"