সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে মো. আবু তালেব নামে এক সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আবু তালেব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শারীরিক চর্চা বিষয়ের সহকারী শিক্ষক।
সোমবার (৩ আগস্ট) মাউশির মাধ্যমিক-২ শাখার শিক্ষা কর্মকর্তা মওদুদ আহমেদ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "শিক্ষক মো. আবু তালেব তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়েছেন। এই আচরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯ এর সুস্পষ্ট লঙ্ঘন।"
আইন ও বিধিমালা ভঙ্গের এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।