ঢাকার সাভারে জানালার গ্রিল কেটে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের এক নেত্রীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল আলমারি ভেঙে নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

সোমবার (৩ আগস্ট) ভোরে সাভার পৌর এলাকার ডগরমোড়ায় অবস্থিত তৃতীয় লিঙ্গের নেত্রী শাপলা চৌধুরীর বাড়িতে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে মুখে কাপড় বাঁধা একদল দুর্বৃত্ত শাপলা চৌধুরীর একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা বাড়ির অন্যান্য কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়। এরপর শাপলা চৌধুরীর কক্ষের আলমারি ভেঙে জমি কেনার জন্য জমিয়ে রাখা নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া দুষ্কৃতকারীরা ওই বাড়ির এক ভাড়াটিয়ার ঘরের জানালা দিয়ে হাত বাড়িয়ে আরও ৫০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

শাপলা চৌধুরী জানান, "সম্প্রতি কোরবানির ঈদে গরু বিক্রি করে জমি কেনার উদ্দেশ্যে নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকার আলমারিতে জমা রাখা হয়েছিল। ডাকাতরা সব লুট করে নিয়ে গেছে।"

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরপরই সাভার মডেল থানায় খবর দেওয়া হলেও পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, "খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"