আইভরি কোস্টের উদীয়মান তারকা ফুটবলার ইয়ান দিয়োমান্দের স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুত আসার কথা ছিল। জার্মান ক্লাব আরবি লাইপজিগ ও রিয়াল মাদ্রিদের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে দুই এজেন্ট প্রতিষ্ঠানের মধ্যকার বিরোধের কারণে আপাতত স্থবির হয়ে পড়েছে পুরো প্রক্রিয়াটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর প্রতিবেদন অনুযায়ী, এই তরুণ উইঙ্গারের প্রতিনিধিত্বের অধিকার নিয়ে ম্যাক্সিডেল ম্যানেজমেন্ট ও রক নেশন প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বিষয়টি এখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পৌঁছেছে।

সাবেক আইভরিয়ান ফুটবলার ম্যাক্স গ্রাদেলের মালিকানাধীন প্রতিষ্ঠান ম্যাক্সিডেলের দাবি, খেলোয়াড়ের হয়ে দলবদলের আলোচনা চালানোর বৈধ অনুমতি এখনো তাদেরই রয়েছে। গত বছর লেগানেস থেকে দিয়োমান্দেকে লাইপজিগে নেওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বড় ভূমিকা পালন করেছিল।

অন্যদিকে, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রতিষ্ঠান রক নেশন দিয়োমান্দের প্রতিনিধিত্বের দায়িত্ব নেয়। সংগীতশিল্পী জে-জেডের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমেই রিয়াল মাদ্রিদ আলোচনা চালিয়েছে। আর এই পদক্ষেপের প্রেক্ষিতেই চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ফিফায় আবেদন জানিয়েছে ম্যাক্সিডেল।

এজেন্টদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব এখন লাইপজিগ থেকে রিয়ালে দিয়োমান্দের দলবদল নিবন্ধনের ওপর পড়েছে। প্রতিনিধিত্বের অধিকার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফিফা আন্তর্জাতিক ছাড়পত্র আটকে রাখতে পারে। এমনকি চরম পরিস্থিতিতে দলবদলের আবেদন প্রত্যাখ্যান করার ক্ষমতাও রয়েছে সংস্থাটির।

ভুল প্রতিনিধিকে কমিশনের অর্থ প্রদান করলে পরবর্তীতে শাস্তি বা ক্ষতিপূরণের ঝুঁকি থাকে, তাই ক্লাবগুলো এ ধরনের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকে। এই কারণেই ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাইছে না রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদের ক্লাবটি আগে এই জটিলতার বিষয়ে অবগত ছিল না। তবে তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত দলবদল সম্পন্ন হবে। লাইপজিগকে কত অর্থ এবং কীভাবে প্রদান করা হবে, তা নিয়ে দুই ক্লাবের সমঝোতা প্রায় শেষ। ‘এএস’ জানিয়েছে, দিয়োমান্দের ব্যক্তিগত চুক্তির কাগজপত্রও প্রস্তুত রয়েছে।

এই জটিলতা নিরসনের একটি উপায় হতে পারে সাময়িক নিবন্ধন। এজেন্টদের আর্থিক বিরোধ চলাকালীন ফিফা দিয়োমান্দেকে অস্থায়ী অনুমতি দিতে পারে। সাধারণত প্রতিনিধিত্ব বা চুক্তি নিয়ে বিরোধ থাকলেও খেলোয়াড়ের পেশাগতভাবে খেলার অধিকারকে অগ্রাধিকার দেয় ফিফা এবং ক্ষতিপূরণের বিষয়টি পরে আলাদাভাবে নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, রক নেশনের ফুটবল শাখায় ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিকের মতো তারকারাও যুক্ত আছেন। বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর সময় দিয়োমান্দে প্রতিষ্ঠানটির নিউইয়র্ক কার্যালয় পরিদর্শন করেন এবং জে-জেডের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্তমানে লাইপজিগে অবস্থান করছেন দিয়োমান্দে। রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তুতি থাকলেও ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। এখন দুই এজেন্ট প্রতিষ্ঠানের বিরোধ কত দ্রুত মিটে, তার ওপরই নির্ভর করছে রিয়ালের বহুল প্রতীক্ষিত এই ঘোষণাটি।