শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্পষ্ট রোডম্যাপ দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এই বিষয়ে নীরবতা অবলম্বন না করার আহ্বান জানান।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই দাবি উত্থাপন করেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘জনাব তারেক রহমান, জনগণের জানার অধিকার আছে, আপনার পরিকল্পনা কী? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করবেন কবে? শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কবে হবে? নীরবতা নয়, স্পষ্ট রোডম্যাপ দিন।’
পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাইয়ের সংস্কার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি স্পষ্টভাবে জানান।