টানা কয়েক দিনের বৃষ্টিতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিসানের বহু শখের সাইকেল বিক্রি করতে বাধ্য হন দিনমজুর বাবা মো. রিপন শেখ। তবে বাবা ও ছেলের সেই কান্নাভেজা মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আরিফুল ইসলাম রোমান। তিনি বিক্রি হওয়া সাইকেলের দাম পরিশোধ করে সেটি পুনরায় শিশুটির হাতে ফিরিয়ে দেন।

রোববার (২ আগস্ট) রাজবাড়ী পৌর শহরের পুরাতন বাইসাইকেলের হাটে এই ঘটনাটি ঘটে। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সামনে এই আবেগঘন দৃশ্যটি অনেকের মন ছুঁয়ে যায়।

জানা গেছে, পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা রিপন শেখ বর্তমানে রাজবাড়ী পৌর শহরের ফুলতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করছেন। দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালালেও টানা কয়েক দিনের বৃষ্টিতে কাজ না থাকায় তিনি চরম বিপাকে পড়েন। শেষ পর্যন্ত সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে বাধ্য হয়ে ছেলে জিসানের প্রিয় সাইকেলটি মাত্র চার হাজার টাকায় বিক্রি করেন তিনি।

সাইকেল বিক্রির পর বাবা ও ছেলের কান্না দেখে এগিয়ে আসেন আরিফুল ইসলাম রোমান। তাদের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর তিনি সাইকেলটির মূল্য পরিশোধ করেন এবং সেটি জিসানের হাতে তুলে দেন।

সাইকেলটি ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে জিসান। সে আবেগাপ্লুত কণ্ঠে বলে, "সাইকেলটা আমার খুব প্রিয় ছিল। বিক্রি হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। আবার ফিরে পেয়েছি, আমি অনেক খুশি। মন দিয়ে পড়াশোনা করে বড় মানুষ হতে চাই।"

জিসানের বাবা রিপন শেখ বলেন, "অভাবের কারণে ছেলের সবচেয়ে প্রিয় জিনিসটি বিক্রি করতে হয়েছিল। সাইকেল বিক্রি করে ফেরার সময় আমরা দুজনেই কান্না করছিলাম। তখন রোমান ভাই আমাদের ডেকে সব কথা শুনে সাইকেলটি ফিরিয়ে দেন। এই মানবিক সহায়তা কোনোদিন ভুলতে পারব না।"

এই বিষয়ে আরিফুল ইসলাম রোমান বলেন, "একজন অসহায় বাবার কষ্ট আর একটি শিশুর কান্না আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি ছোট উদ্যোগে যদি একটি শিশুর মুখে হাসি ফোটানো যায়, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সামর্থ্যবান মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের দুর্ভোগ কমে আসবে।"