দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পেনশন নীতিমালার আওতায় আয়ের একটি উৎস বজায় থাকছে তাঁর। বোর্ডের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, সাবেক এই টেস্ট অধিনায়ক সর্বোচ্চ শ্রেণির পেনশন সুবিধা পাবেন।
গত ৩০ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রাহানে। ২০১১ সালে ওয়ানডে ফরম্যাটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটসম্যান ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বিসিসিআই-এর বর্তমান পেনশন কাঠামো অনুযায়ী, যেসব ক্রিকেটার ৫০টির বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, তাঁরা সর্বোচ্চ আর্থিক সুবিধা পান। রাহানে এই শর্ত পূরণ করায় প্রতি মাসে ৭০ হাজার রুপি (প্রায় ৯০ হাজার টাকা) পেনশন পাবেন।
তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। রাহানে যদি ভবিষ্যতে বিসিসিআই-এর অধীনে কোচ, নির্বাচক কিংবা অন্য কোনো বেতনভুক্ত পদে দায়িত্ব গ্রহণ করেন, তবে সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর পেনশন সাময়িকভাবে বন্ধ থাকবে। দায়িত্ব শেষ হওয়ার পর পুনরায় পেনশন সুবিধা চালু হবে।
উল্লেখ্য, ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী অবসরের পর পেনশনের ব্যবস্থা রয়েছে। ২০২২ সালের আগে ৫০টির বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। পরবর্তীতে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড এই পরিমাণ ২০ হাজার রুপি বৃদ্ধি করে। একইভাবে, ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা ক্রিকেটারদের পেনশনের পরিমাণ ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৬০ হাজার রুপি করা হয়।
রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য হিসেবে গণ্য করা হয় ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়কে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফেরার পর ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে রাহানে দলকে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক সেই সিরিজ জয় এনে দিয়েছিলেন।