২১ আগস্ট একটি ম্যাচ দিয়ে চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে শুরু হবে নতুন ফুটবল মৌসুম। এরপর ২৪ আগস্ট শুরু হবে ফেডারেশন কাপ এবং ২৮-২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড। এই সময়েই ঘরোয়া ফুটবলে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

আজ রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক জরুরি সভায় আগামী লিগে খেলতে নতুন করে তিনটি দলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলো হলো গত মৌসুমে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ এবং ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের সঙ্গে ঢাকা ওয়ান্ডারার্স।

বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমে কমপক্ষে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বাফুফের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বাফুফের ক্লাব লাইসেন্সিংসহ অন্য সব শর্ত পূরণ করতে হবে।’

নতুন মৌসুমে দল সংখ্যা ১০ নিশ্চিত করার কথা বলা হলেও প্রশ্ন উঠেছে—কাগজে-কলমে দল থাকলেও কার্যত কেন নতুন করে আমন্ত্রণ প্রয়োজন। সংশ্লিষ্ট জটিলতা বলেই মনে করা হচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ওপর দলবদলের নিষেধাজ্ঞা নিয়ে ফিফার অবস্থানকে ঘিরে।

কিংসের বিরুদ্ধে তাদের সাবেক খেলোয়াড়-কোচের ১১টি এবং আবাহনীর বিরুদ্ধে ৩টি অভিযোগ রয়েছে। আগামীকাল অভিযোগ নিষ্পত্তির শেষ দিন। এরই মধ্যে দুটি অভিযোগের নিষ্পত্তি হলে আবাহনী দলবদলের নিষেধাজ্ঞামুক্ত হওয়ার সম্ভাবনা দেখছে বলে জানা গেছে।

তবে বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞামুক্ত হওয়া নিয়ে শঙ্কায় আছে বাফুফে। বাফুফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, ‘কিংস ৪ আগস্টের মধ্যে দলবদল নিষেধাজ্ঞামুক্ত হতে পারবে বলে মনে হয় না। কিন্তু লিগে অন্তত ১০টি দল থাকতেই হবে। এ কারণেই আপাতত বিকল্প হিসেবে তিনটি ক্লাবকে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ অবস্থায় প্রশ্ন উঠেছে—যদি নতুন আমন্ত্রিত তিন দল লাইসেন্সিং শর্ত পূরণ করে মাঠে নামে এবং পরে বসুন্ধরা কিংসও নিষেধাজ্ঞামুক্ত হয়ে অংশ নিতে পারে, তাহলে আগামী লিগে দল সংখ্যা ১৩-এ দাঁড়াবে কি না। বাফুফের ওই কর্মকর্তা স্পষ্ট কোনো উত্তর না দিয়ে বলেন, ‘দেখা যাক, কয়টা দল আসে। তবে ১৩টি দল হওয়ার বাস্তব সম্ভাবনা আসলে নেই।’