সৌর ইনভার্টার ও এনার্জি স্টোরেজ খাতের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুডউই বাংলাদেশে তাদের নতুন আবাসিক এনার্জি সিস্টেম হিসেবে ইও জি২ অফগ্রিড ইনভার্টার এবং লিংক্স এ জি৪ ১৬.১ কিলোওয়াট-ঘণ্টার লো ভোল্টেজ ব্যাটারি বাজারে এনেছে। প্রতিষ্ঠানটির ১৫ বছরের ইনভার্টার প্রযুক্তির অভিজ্ঞতার আলোকে এই সিস্টেমটি তৈরি করা হয়েছে। গুডউইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গুডউই ইতিমধ্যে ৪৫টির বেশি জেলায় তাদের সেবা পৌঁছে দিয়েছে। প্রতিষ্ঠানটি ১০০টির বেশি ইপিসি পার্টনারের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং ৬০০টির বেশি পরিবারে নির্ভরযোগ্য ক্লিন এনার্জি সলিউশন প্রদান করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে কয়েক লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হলেও গ্রিড অবকাঠামোর অনির্ভরযোগ্যতার কারণে পরিবার ও ক্ষুদ্র ব্যবসাগুলো বিদ্যুৎ সরবরাহে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই পরিস্থিতি স্থিতিশীল এনার্জি সলিউশনের প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর সেই লক্ষ্যেই ইও জি২ তৈরি করা হয়েছে, যাতে গ্রিড বিদ্যুৎ অনির্ভরযোগ্য হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। এর ফলে পরিবার ও ক্ষুদ্র ব্যবসাগুলোর ডিজেল জেনারেটরের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে জানানো হয়, ইও জি২-এর সঙ্গে লিংক্স এ জি৪ ব্যাটারি যুক্ত থাকলে বিদ্যুৎ চলে যাওয়ার পর ৪ মিলিসেকেন্ডের কম সময়েই ব্যাকআপ পাওয়ারে সুইচ করা সম্ভব। ফলে ব্যবহারকারী বিদ্যুৎ-বিভ্রাট টের পাওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ ব্যবস্থা সক্রিয় হয়ে যায়; এখানে কোনো ম্যানুয়াল পদক্ষেপ বা বোতাম চাপার প্রয়োজন হয় না। এছাড়া সিস্টেমটির ইনস্টলেশন প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং মাত্র পাঁচ মিনিটে অনসাইট কমিশন করা সম্ভব।
প্রতিকূল পরিবেশেও ব্যবহারের উপযোগী করে তৈরি এই ইও জি২-তে রয়েছে আইপি৬৬ রেটেড সিলড ডিজাইন ও এভিয়েশন-গ্রেড কানেক্টর। এটি পানি, ধুলাবালু ও আর্দ্রতা থেকে সুরক্ষা দেয় এবং মাইনাস ৩৫ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও কার্যকর থাকে।
ওয়ারেন্টি সুবিধার বিষয়ে জানানো হয়েছে, ইও জি২ ইনভার্টারে ৫ বছর এবং লিংক্স এ জি৪ ব্যাটারিতে সর্বোচ্চ ৭ বছরের ওয়ারেন্টি প্রদান করা হবে।
গুডউইয়ের সেলস হেড জেমস হো বলেন, "ইও জি২–এর মাধ্যমে আমাদের লক্ষ্য ছিল এমন একটি আবাসিক এনার্জি স্টোরেজ সলিউশন তৈরি করা, যা নিরাপদ, নির্ভরযোগ্য ও সহজে ইনস্টলযোগ্য।" তিনি আরও বলেন, "বাংলাদেশের মতো বাজারের প্রয়োজন বিবেচনায় রেখে এটি ডিজাইন করা হয়েছে।"