ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত আট মাসে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ১০২টি মামলা দায়ের করে ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযান থেকে আড়াই হাজারের বেশি ইয়াবা, প্রায় ১৭ কেজি গাঁজা, ফেনসিডিল ও ভাং গাছ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিয়মিত অভিযানের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
শৈলকুপা থানার মাদক উদ্ধারসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পৃথক পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়।
মাসিক তথ্যানুসারে, ২০২৫ সালের ডিসেম্বরে ১১টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয় এবং ৮৭ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে ১৭টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করে ২৫৪ পিস ইয়াবা ও প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেব্রুয়ারিতে ১২টি মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্য থেকে উদ্ধার হয় ৪৫৯ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজা।
মার্চ মাসে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময়ে ১৬৯ পিস ইয়াবা, প্রায় সাড়ে ৯ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ উদ্ধার করা হয়। এপ্রিলে ১৩টি মামলায় ২১ জনকে গ্রেপ্তার করে ১৮৫ পিস ইয়াবা ও ৩৩৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মে মাসে ১০টি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে ২৮৩ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জুনে ১২টি মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করে ২৪৫ পিস ইয়াবা ও ১ কেজি ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সবশেষে জুলাই মাসে ১৪টি মাদক মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৩টি মামলায় ৮৫৪ পিস ইয়াবা এবং একটি মামলায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই মাসে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শৈলকুপা থানার সামগ্রিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ১০২টি মাদক মামলায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সর্বমোট ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা, প্রায় ১৬ দশমিক ৮৫৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং ১৭টি ভাং গাছ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা মুক্তকণ্ঠকে বলেন, "মাদকের বিরুদ্ধে শৈলকুপা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত শৈলকুপা গড়ে তুলতে ভবিষ্যতেও আমাদের অভিযান আরও জোরদার করা হবে।"