স্পেনে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন মরক্কোর উদীয়মান নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছানোর লক্ষ্যে সাগরপথে সীমান্ত অতিক্রম করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার। তাঁর অকাল মৃত্যুতে মরক্কোর ক্রীড়াঙ্গনে, বিশেষ করে নারী ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

মরক্কোর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট আল বতোলার প্রতিবেদন অনুযায়ী, গতকাল সেউতায় প্রবেশের চেষ্টা করার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় ফাতেনের মৃত্যু হয়। জানা গেছে, সাগর পাড়ি দেওয়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি ডুবে মারা যান।

মরক্কো ও স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতার সীমান্তে চলমান অভিবাসন সংকটের মধ্যেই এই ঘটনাটি ঘটল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, উন্নত জীবনের আশায় সাম্প্রতিক সময়ে হাজারো মানুষ সাগরপথে বা সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন, যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

ফাতেন মরক্কোর ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ানের নারী দলের মিডফিল্ডার হিসেবে খেলছিলেন। এর আগে তিনি মরক্কো অ্যাথলেটিক তানজিয়ারের হয়েও মাঠ কাঁপিয়েছেন। অল্প বয়সেই তিনি দেশের অন্যতম সম্ভাবনাময় নারী ফুটবলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান এক বিবৃতিতে জানিয়েছে, "ফাতেন খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় নামেননি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল সীমান্তের ওপারে গিয়ে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তোলা এবং নতুন জীবন শুরু করা।"

ফাতেনের আকস্মিক মৃত্যুতে মরক্কোর ক্রীড়াঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। তাঁর বিনয়ী স্বভাব, পেশাদার মনোভাব ও খেলোয়াড়সুলভ মানসিকতার কথা স্মরণ করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

অন্যদিকে, মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়ন এক শোকবার্তায় ফাতেনের পরিবার, স্বজন, সতীর্থ এবং মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, "এই কঠিন সময়ে তারা ফাতেনের পরিবারের পাশে রয়েছে।" একই সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছে সংগঠনটি।

ফাতেন বেন আমার এল আজিজির মৃত্যু কেবল একটি সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি নয়, বরং উন্নত ভবিষ্যতের আশায় জীবন বাজি রাখা অসংখ্য তরুণের করুণ বাস্তবতারই এক প্রতিচ্ছবি। তাঁর মৃত্যুতে তেতোয়ানসহ পুরো মরক্কোর ক্রীড়াবিশ্ব গভীরভাবে শোকাহত।