ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে পানিভর্তি খাদে পড়ে অর্ধেক ডুবে গেছে। এই দুর্ঘটনায় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়া 'দশমিনা এক্সপ্রেস' নামক বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাসের যাত্রী মেহেদী হাসান জানান, "ঢাকা থেকে দশমিনায় বাসটি যাত্রা শুরুর পর থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে বারবার নিষেধ করলেও তিনি কারও কথা শোনেননি। আমি জানালার কাছে ছিলাম। বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় তাৎক্ষণিক আমি জানালা ভেঙে বাসের ভেতর থেকে বেরিয়ে আসি। এবারের মতো হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন।"

ঘটনা প্রসঙ্গে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সিভিল ডিফেন্স আবু জাফর মুক্তকণ্ঠকে জানান, "বিকেল ৪টার দিকে তিনি জানতে পারেন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।"