রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিবাস মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা জানান, ‘তদন্ত কর্মকর্তা আদালতে আসামিকে হাজির করে রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে গত ২৮ জুলাই ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামি নিবাসের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ওইদিন আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদ অথবা কারাগারে রাখার আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিবাসের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং ‘শেখ হাসিনা সৈনিক সেন্ট্রাল’ নামক একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মামলার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বিস্ফোরণে ব্যবহৃত ককটেলের উৎস জানতে তাঁকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিবাস মজুমদারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। ওই সময় সরকারবিরোধী স্লোগান দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে। গত ২৭ জুলাই পুলিশ নিবাসকে গ্রেপ্তার করে।