নাটোরের লালপুর উপজেলার পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চিঠি রেখে গেছে একদল দুর্বৃত্ত। রোববার (২ আগস্ট) লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বাকনাই গ্রামের পালপাড়া মহল্লার নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় একটি কম্পিউটার কম্পোজ করা খোলা চিঠি পাওয়া যায়। নারায়ণ পালের ছেলে অরুণ কুমার পাল বারান্দায় যাওয়ার সময় চিঠিটি দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান। চিঠিতে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর এবং যোগাযোগের জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে।

চিঠিতে লেখা ছিল, ‘সেভেন স্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের বাড়িতে একটি চিঠি দিলাম। আশা করি কোনো বিকল্প চিন্তা করবেন না। মনে রাখবেন জীবন গেলে যাবে আপনাদের, পরিবারের ভালোমনে বিশ হাজার টাকা দেবেন। কোনো মানুষকে জানাবেন না, যদি কেউ জানতে পারে, তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে।’

চিঠির পরবর্তী অংশে লেখা থাকে, ‘সব হিন্দু ধর্ম ও পরিবারকে ২০ হাজার করে টাকা দিতে হবে। অনেক পরিবার আছে চিঠি পায়নি, তারা মনে করে টাকা দিয়ে দেবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে টাকা দিতে হবে, যদি টাকা দিতে না পারেন তাহলে সময় খুব খারাপ যাবে। সব হিন্দু ধর্ম পরিবারের জন্য চিঠিটা দেওয়া হলো। এই চিঠি যে পাবেন, সবাইকে বলে দেবেন আপনাদের হিন্দু ধৰ্ম মধ্যে। আপনাদের পরিবার ভালো রাখার জন্য সেভেন স্টার আপনাদের সবসময় পাশে থাকবে ধন্যবাদ। সেভেন স্টার কর্তৃপক্ষ।’

এই ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং চিঠিটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ কাজে গোয়েন্দা সংস্থাও যুক্ত রয়েছে। এছাড়া এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।